জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় অমান্য করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না। শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংস্কার পরিষদের প্রস্তাব কোনো নতুন ধারণা নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মধ্য দিয়ে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংশোধনের পরিবর্তে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্বেই ঐক্য গড়ে উঠেছিল।
আখতার হোসেন অভিযোগ করে বলেন, ভোটের পর সরকার টু-থার্ড মেজরিটি অর্জনের লক্ষ্যে জনগণের রায়কে উপেক্ষা করছে। সংবিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সংবিধান অবশ্যই প্রয়োজন, তবে সেটি ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানের কাঠামোতে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য সংবিধান হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার সংস্কার বা গণভোটে যেতে চায় না, কারণ তারা রাষ্ট্র পরিচালনায় একক কর্তৃত্ব বজায় রাখতে চায়। গণভোট মেনে নিলে সেই একক নিয়ন্ত্রণ আর থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মৌলিক কাঠামোর পরিবর্তন এড়িয়ে গিয়ে জনগণের মতামত অগ্রাহ্য করলে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি গণভোটের দাবি জোরদার করার আহ্বান জানান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
